অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে বেলঘরিয়া মাদ্রাসায় মানববন্ধন
মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট
রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গ্রামবাসীসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে একটি পক্ষ গত রোববার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করেছে। তাদের দাবি, অধ্যক্ষের বিরুদ্ধে করা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও সম্মানহানির প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা অধ্যক্ষের পাশে থাকার কথা জানান এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ বিষয়ে বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি মাদ্রাসায় যোগদানের পর থেকে কতটা ত্যাগ স্বীকার করেছি, তা এলাকাবাসী সবাই জানেন। যারা অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ তুলে আমার সম্মানহানি করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক—এটাই আমার দাবি।”
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।