এস এম মাহমুদুল করিম হাশেমী, লামা।
আলহামদুলিল্লাহ, লামাবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে। এখন থেকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হৃদরোগীদের আধুনিক ইকো-কার্ডিওগ্রাম (ECHO) পরীক্ষা করা হবে।
দীর্ঘদিন ধরে হৃদরোগের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য লামা, বমুবিলছড়ি ও আলীকদমের রোগীদের জেলা সদর বা চট্টগ্রামে যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো। এই দুর্ভোগ লাঘবে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিম (UH&FPO) এবং উপজেলা নির্বাহী অফিসার, লামা মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগ ও অনুদানে এই সেবা চালু হতে যাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা কার্যক্রম পুরোদমে শুরু হবে। এতে লামা, বমুবিলছড়ি ও আলীকদমের হাজারো হৃদরোগী উপকৃত হবেন।
এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের জন্য লামার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ডাঃ নাদিম স্যার এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।