মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা
পরিচিত এক কাস্টমস কর্মকর্তার মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করেন। মাসিক বেতন ছিল মাত্র আট হাজার টাকা। অথচ অভিযোগ উঠেছে, প্রায় ১৪ বছরের ব্যবধানে তিনি শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। রাজধানী ও গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন একাধিক বাড়ি, ফ্ল্যাট, প্লট ও অন্যান্য সম্পদ। চলাচলের জন্য রয়েছে একাধিক বিলাসবহুল গাড়িও।
শাহজাহানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিমানবন্দরকেন্দ্রিক অনিয়ম, স্বর্ণ চোরাচালান ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তার সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। অভিযোগটি দুদক আমলে নিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে দুদকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
বিমানবন্দর এলাকার বাসিন্দা মনির হোসেনের ভাষ্য, ঢাকায় এসে প্রথমে ইউসুফ আলীর একটি মেসে ওঠেন শাহজাহান। সেখানে থাকা-খাওয়ার খরচ জোগাতেও তাকে হিমশিম খেতে হতো। অথচ দুই বছর আগে সেই মেসটিই কিনে নেন তিনি। ইসমাইল নামের এক ব্যক্তির মাধ্যমে মেসটির কেনাবেচা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বর্তমানে বিমানবন্দর কাস্টমস এলাকার সামনে ‘সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি থেকেই শাহজাহানের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। তিনি বর্তমানে আত্মগোপনে থাকলেও তার ম্যানেজারের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।
সহকর্মী ও স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, ২০১০ সালে মাত্র আট হাজার টাকা মাসিক বেতনে ট্রলিম্যান হিসেবে কর্মজীবন শুরু করেন শাহজাহান। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তার সম্পদ ও জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। সহকর্মীদের প্রশ্ন, সীমিত বেতনের চাকরি করে কীভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন তিনি?
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর দক্ষিণখানে ‘সিনথিয়া অ্যান্ড সিলভিয়া কটেজ’ নামে একটি দশতলা ভবন রয়েছে তার। আশকোনায় প্রায় ছয় কোটি টাকা মূল্যের একটি বড় ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া গেছে। উত্তরার ১ নম্বর সেক্টরে রয়েছে নিজস্ব বাড়ি। আশকোনার আশিয়ান সিটিতে একাধিক প্লট থাকার অভিযোগও রয়েছে। এ ছাড়া আশকোনায় ১৮ কাঠা জমির ওপর আরেকটি ভবনের নির্মাণকাজ চলমান বলে জানা গেছে। উত্তরার ১৮ নম্বর সেক্টরেও একটি বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য ও অর্থের উৎস স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
জামালপুরের সরিষাবাড়ীতে শাহজাহানের পৈতৃক বাড়িতে ২০১০ সালে ভিটেমাটি ছাড়া উল্লেখযোগ্য সম্পদ ছিল না বলে স্থানীয়দের দাবি। অথচ বর্তমানে সেখানে গড়ে উঠেছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। এক বিঘা জমির ওপর রয়েছে একটি পুকুর, যেখানে শখ করে মাছ চাষ করেন তিনি। শ্বশুরবাড়িতেও বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।
বিভিন্ন সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন শাহজাহান। নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবেও পরিচয় দিতেন তিনি। ওই সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ২০২০ সালে ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হন বলে জানা গেছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের রাজনৈতিক পরিচয় বদলে বর্তমানে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পদ-পদবি সম্পর্কে সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।