মো: আমজাদ হোসেন, চট্টগ্রাম।
আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছে। এ সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে স্লোগান দেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকার লাবিবা কনভেনশন হলের সামনে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সকালে ছাত্রলীগের একদল নেতা-কর্মী কনভেনশন হলসংলগ্ন সড়কে জড়ো হন। পরে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সেখান থেকে চলে যান। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।