নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বিদেশ থেকে অবৈধভাবে বা চোরাচালানের মাধ্যমে দেশে আনা স্বর্ণের চালান কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে উল্টো পুনরায় বিদেশে ফেরত নেওয়ার সময় চাঞ্চল্যকর এক ঘটনা উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। পৃথক দুটি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৯১ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে গতিবিধি সন্দেহজনক হওয়ায় ফ্লাইট ছাড়ার ঠিক আগমুহূর্তে (সন্ধ্যা ৭টা ২০ মিনিট) অফলোড করা হয়। পরবর্তীতে কাস্টমস গোয়েন্দাদের কঠোর জিজ্ঞাসাবাদ ও তৎপরতায় ওই যাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করেন। এই ডিমগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম। দুটি অভিযানে মোট ৬টি স্বর্ণের ডিম জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বীকার করেছেন যে, এই স্বর্ণের ডিমগুলো এর আগে আবুধাবি থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বর্তমান বাজারে তা প্রত্যাশিত দামে বিক্রি করতে ব্যর্থ হওয়ায় চক্রটি লোকসান এড়াতে বা অন্য কোনো উদ্দেশ্যে পুনরায় সেগুলো আবুধাবিতে পাচার করার চেষ্টা চালাচ্ছিল।
স্বর্ণ চোরাচালানের এই ব্যতিক্রমী ও নতুন কৌশলে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে—বিদেশ থেকে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণ দেশের বাজারে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হলে তা কি আসলেই পুনরায় বিদেশে পাচার হয়ে যাচ্ছে? নাকি এর পেছনে অন্য কোনো আন্তর্জাতিক সিন্ডিকেট কাজ করছে?
বর্তমানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব্দকৃত স্বর্ণের প্রকৃত উৎস, এর সাথে জড়িত দেশি-বিদেশি চক্রের ভূমিকা এবং তাদের আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।