ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের সোহান লাইফ সাপোর্টে, মৃত্যুর গুজব ছড়ানোর পর পরিবারের স্পষ্টীকরণ
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি
ইতালির তুরিন শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মাদারীপুরের যুবক সোহান সরদার (২৪)। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সোহান সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি এলাকার মজিদ সরদারের ছেলে। ভাগ্য পরিবর্তনের আশায় তিনি ইতালিতে পাড়ি জমিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার পথে ইতালির তুরিন শহরে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন সোহান। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে শুরু থেকেই লাইফ সাপোর্টে রেখেছেন।
মৃত্যুর খবরটি স্রেফ গুজব, স্পষ্ট করল পরিবার
এদিকে, দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহানের ‘মৃত্যু হয়েছে’ বলে একটি খবর ছড়িয়ে পড়ে। এই খবর মাদারীপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের মাঝে শুরু হয় বুকফাটা আর্তনাদ।
তবে শনিবার গভীর রাতে সোহানের চাচাতো ভাই প্রবাস থেকে পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সঠিক নয়। সোহান এখনো জীবিত আছেন এবং লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
সোহানের এখনো জ্ঞান ফেরেনি এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সোহানের দ্রুত সুস্থতা এবং সুস্থ শরীরে দেশে ফেরার জন্য তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।