ইসরাইলের দক্ষিণাঞ্চলের পর্যটননগরী ইলাতে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ কম্পনের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর। পরে অবকাঠামো পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানবন্দরটির কার্যক্রম আবারও স্বাভাবিক করা হয়।
ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। স্থানটি ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলে সতর্কতা জারি করা হয়। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়। কম্পনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে রামন বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এতে বিমানবন্দরের অবকাঠামোর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকম্পের পরপরই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় রানওয়ে ও অন্যান্য অবকাঠামো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়।
পরবর্তী সময়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় পরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন সম্পন্ন হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিসরের সিনাই অঞ্চলে হলেও এর কম্পন ইসরাইলের দক্ষিণাঞ্চলের ইলাত শহর ও আশপাশের এলাকায় অনুভূত হয়।