উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
মোহাম্মদ আরিফ কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ দল কামালের মুদি দোকানের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি (দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম হাফেজ শফিক (১৯)। তিনি ফারুক আহমেদ ও লায়লা বেগমের ছেলে। তার নিবন্ধিত ঠিকানা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক-এ/৬।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ ঘটনায় অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট কাগজপত্র উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।