উলিপুরে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর গ্রামে নদীভাঙন রোধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার (২৮ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নদীর পাড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজারেরও বেশি নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ এক যুগ ধরে নদীভাঙন থেকে রক্ষা পেতে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো স্থায়ী সমাধান পাননি। তারা দ্রুত কার্যকর নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা জানান, ইতোমধ্যে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এবং ২০০ মিটারেরও বেশি প্রশস্ত এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ধীরে ধীরে জনবসতির দিকে এগিয়ে আসছে। তিন ফসলি জমির বড় অংশ নদীতে চলে গেছে। দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে বসতবাড়ি, স্কুল, মাদরাসা, মসজিদ ও খেয়াঘাটও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই এলাকায়। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন, আব্দুল হামিদ, রহিম মিয়া, মালেক, মাঈদুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।