মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো
ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী উথুরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীরা নতুন শিক্ষাজীবনের শুরুতে এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।