কক্সবাজারের সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি র্যাবের হাতে গ্রেফতার
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় সংঘর্ষে সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিন (৪২)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা এবং নুর মোহাম্মদের ছেলে।
সংঘর্ষ থেকে হত্যাকাণ্ড
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলা কেন্দ্রিক বিরোধের জেরে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইটপাটকেল, রামদা ও লাঠিসোঁটা ব্যবহারে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ সময় সমিতিপাড়ার একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বের হলে হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-৪৭) দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাবের অভিযান
র্যাব জানায়, মামলার আসামিদের গ্রেফতারে তারা দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বেলাল উদ্দিন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এরপর র্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আসামির বিরুদ্ধে একাধিক মামলা
র্যাবের দাবি, গ্রেফতারকৃত বেলাল উদ্দিন এলাকার চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, মারামারি, গুরুতর জখম, বিস্ফোরক ও অগ্নিসংযোগ এবং যৌতুক আইনে মোট চারটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলাল উদ্দিনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।