কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযান: সিএনজি অটোরিকশা থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
মোহাম্মদ আরিফ |
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছলিম উল্লাহ নামে এক ব্যক্তি ও তাঁর অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যান।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ খুরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যান ছলিম উল্লাহ ও তাঁর সহযোগী।
পরে পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে এর ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এসআরবি সদস্যরা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এ ঘটনায় পলাতক ছলিম উল্লাহ ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।