কক্সবাজার সরকারি কলেজের পুকুরে ডুবে হোটেল কর্মচারী জোনাইদ নামের কিশোরের মৃত্যু
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে এক রোহিঙ্গা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকাল প্রায় ১১টার দিকে সহপাঠীদের সঙ্গে কক্সবাজার সরকারি কলেজের পুকুরে গোসল করতে নামে জুনাইদ (১৫)। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুনাইদ রোহিঙ্গা জামতলী ক্যাম্প ডি-১-এর বাসিন্দা। মাঝি জিয়াউর রহমান। তিনি কক্সবাজার সরকারি কলেজ গেটসংলগ্ন ‘শহীদ ভাত ঘর’-এর কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
‘শহীদ ভাত ঘর’-এর মালিক শহীদ জানান, জুনাইদ দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানে কাজ করতেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির সুযোগে সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।