কক্সবাজার সৈকতের সাময়িক ব্যবসায়ীদের কার্ড বাতিলের সিদ্ধান্ত, স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনাকারী সকল সাময়িক কার্ডধারীদের কার্ড বাতিল এবং নতুন কার্ড ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামান্য সুপ্রিম কোর্টের রিট পিটিশন নং-৬২৬/২০১১ এর আদেশ ও কার্ডের শর্ত লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার কারণে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন করে কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। ইতোমধ্যে ইস্যুকৃত কার্ডের মেয়াদ ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হবে। এরপর ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য এসব কার্ড পুনঃনবায়ন করা হবে না বলেও সিদ্ধান্ত জানানো হয়েছে।
এ অবস্থায় সৈকতের সকল সাময়িক ব্যবসায়ীকে দ্রুত নিজ উদ্যোগে দোকান ও অন্যান্য অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক বালিয়াড়ি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।