কালকিনিতে মা ইলিশ রক্ষা অভিযানে ধ্বংস ১,৭০০ মিটার অবৈধ জাল
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
রোববার (১১ অক্টোবর) উপজেলার চরদৌলতখান ইউনিয়নের সিডিখান এলাকার মিয়ার হাট থেকে জালিয়ার হাট পর্যন্ত নদের অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার। এ সময় তাঁকে সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
সচেতন মহলের মতে, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। শুধু অভিযান চালিয়ে জাল জব্দ ও ধ্বংস নয়, অবৈধ জাল ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এতে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।