কালকিনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্ডপে মন্ডপে মিরাজ হাওলাদারের শুভেচ্ছা উপহার
উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার তিনটি ইউনিয়নের ১১টি পূজামণ্ডপে মোট ১ লাখ ১০ হাজার টাকা উপহার দিয়েছেন ডুবাই প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মিরাজ হাওলাদার।
রোববার (১৮ অক্টোবর) রাতে তাঁর পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে এ অর্থ সহায়তা দেওয়া হয়। উৎসবের আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রাজারচর এলাকার চারটি, বাঁশগাড়ি ইউনিয়নের তিনটি এবং আলীনগর ইউনিয়নের চারটি পূজামণ্ডপে এ অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় পূজা উদযাপন কমিটির বাবু হরিপদ স্যার, প্রমথ শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিরাজ হাওলাদার নিজে উপস্থিত না থাকলেও তাঁর পক্ষ থেকে প্রতিনিধিরা পূজামণ্ডপগুলোতে এসব উপহার পৌঁছে দেন।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী বিশেষ তাৎপর্য বহন করে। এ দিন দেবী দুর্গার পূজা-অর্চনা, অঞ্জলি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা। পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় এ আয়োজনকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় হয়।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবে আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের মতো উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।
মিরাজ হাওলাদারের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানানো এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে থাকা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করাকে তিনি গুরুত্ব দেন। দশমী পূজার দিনও উপজেলার বাকি ১১ টি পূজা মন্ডপেও উপহার পৌছানোর ব্যবস্থা করা হবে বলে জানান এই সমাজসেবক।
ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান সংশ্লিষ্টরা।