আফজাল হোসেন শুভ।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, ডাকাতি, চুরি, অপহরণ ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় মোট ১৭টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
অভিযানের বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ইটনা উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ইটনা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করেন। এরপর রাতভর ও বৃহস্পতিবার দিনভর ওই এলাকায় টানা ১৬ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন এসআই সজীব কুমার দত্ত, এসআই একেএম মোশারফ হোসেন, এসআই মো. সালাহ উদ্দিন, এসআই মো. সামছুল আলম সাব্বির, এএসআই আলমগীর ভূঁইয়া, এএসআই মোস্তাক হোসেন ও এএসআই মো. মেহেদী হাসানসহ পুলিশের একটি দল।
পুলিশের বক্তব্য:
পুলিশ জানায়, জেলা পুলিশের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা হযরত আলী দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলে নৌডাকাতি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে আত্মগোপনে চলে যেতেন। অবশেষে দীর্ঘ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।