রৌমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের চিলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে মাসকালাই ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আবদুর রহমান (৭০)। গত ১০ অক্টোবর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের অষ্টিমেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবদুর রহমানের পক্ষ বিরোধপূর্ণ ওই জমিতে মাসকালাই চাষ করেন। অভিযোগ অনুযায়ী, গত ১০ অক্টোবর রাতে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধ হয়ে স্প্রে মেশিনের সাহায্যে জমিতে আগাছানাশক প্রয়োগ করেন। এতে মাসকালাই গাছের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—মো. শুকুর আলী (৫৫), পিতা মো. আলাই শেখ; মো. রুহুল আমিন (২৫), পিতা মৃত আফাজ উদ্দিন; মো. আব্দুর রাজ্জাক (৫০), পিতা মৃত আফাজ উদ্দিন; মো. জাহিদুল ইসলাম (৩৫), পিতা মো. পিয়ার আলী এবং মো. রাজা মিয়া (৫২), পিতা মৃত মিনাস উদ্দিন। অভিযোগে মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জাইদুল ইসলাম বলেন, রাতের আঁধারে প্রায় তিন একর ৭০ জমিতে কীটনাশক বা বিষ প্রয়োগ করে ফসলের ক্ষতি করা হয়েছে। এতে আবদুর রহমানের পক্ষ ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।