কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
নৃপেন হালদার,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে তাপস রায় (৩০) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগষ্ট ) দুপুরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলম, কোটালীপাড়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত রায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামের হরষিত রায়ের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইয়াবা সেবনরত অবস্থায় তাপস রায়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।