গাজীপুর প্রতিনিধি:
গার্মেন্টস খাতে চলমান শ্রম অসন্তোষ নিরসন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং শিল্পকারখানায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানিয়েছে ‘শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর’।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব আহ্বান ও দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অর্থনীতি ও লাখো শ্রমিকের জীবিকা রক্ষায় পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে কোনো কুচক্রী মহল বা বহিরাগতদের অপতৎপরতা ও অনুপ্রবেশ যেন ঘটতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় শ্রমিকদের কর্মস্থলে ফিরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার অনুরোধ জানিয়ে সরকার গঠিত মজুরি বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়। আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি ও সমস্যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় একটি বস্তুনিষ্ঠ ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের বিরুদ্ধে গ্রেফতার, মামলা ও দমন-পীড়ন বন্ধ করে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সংঘাতের পথ পরিহার করে শ্রমিকদের সম্মান ও ভালোবাসার সঙ্গে কর্মস্থলে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে হবে।
সংবাদ সম্মেলনে ‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে শিল্প ও শ্রমিকের যৌথ স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের পক্ষে মো. দেলোয়ার হোসেন।