মোঃ রাশিদুল ইসলাম, গাজীপুর
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২০'-এর ৭(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।
কাজী সাইয়্যেদুল আলম বাবুল দীর্ঘদিন যাবত গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২৪ সালে তাঁকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে পদোন্নতি দেওয়া হয়। তৃণমূলে সুসংগঠিত রাজনীতি ও রাজপথের সক্রিয় ভূমিকার জন্য তিনি পরিচিত।
নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে গাজীপুর এলাকার সার্বিক নগর উন্নয়ন, মহাপরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পিত নগরায়ণের কাজকে তরান্বিত করাই তাঁর নতুন দায়িত্বের মূল লক্ষ্য হবে। তাঁর এ নিয়োগে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎফুল্ল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাঁরা বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।