মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষা–২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে প্রতিদান মানব উন্নয়ন সংগঠন, চকরিয়া শাখা। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আর.কে ভবনের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. মিছবাহ উদ্দীন ছুট্টু। গীতা পাঠ করেন বাবু সারদা রুদ্র এবং ত্রিপিটক পাঠ করেন সৌরভ বড়ুয়া। পরে সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদান মানব উন্নয়ন সংগঠন, চকরিয়া শাখার সহসভাপতি জয়শ্রী তালুকদার ও সাধারণ সম্পাদক এস. তরুণ শীল।
সংগঠনের সভাপতি লায়ন জ্যোতিষ ভাস্কর এস. কে. আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাবু সুভাষ রুদ্র।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যাপক উত্তম কুমার চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক সমীর রুদ্র, সংগঠনের সদস্য বাবু সারদা রুদ্র ও বাবু রণধীর রুদ্র, সংবর্ধনাপ্রাপ্ত ১২ শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য শেষে অতিথিরা সংবর্ধনাপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের পড়ালেখায় আরও মনোযোগী ও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে এবং সমাজে শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিদান মানব উন্নয়ন সংগঠন, চকরিয়া শাখার পক্ষ থেকে আরও জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি শিক্ষার প্রসার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক উন্নয়নে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্লোগান: মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা।