চকরিয়ায় ভাড়া বাসার বাথরুমে গৃহবধূর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকায় একটি ভাড়া বাসার বাথরুম থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) চকরিয়া সরকারি হাই স্কুলের পশ্চিম পাশে অবস্থিত ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া জান্নাত উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানা এলাকার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী গ্রামের মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী। তিনি স্বামী সোহেলের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার পরিবারের সদস্যদের অগোচরে বাসার বাথরুমে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।