চকরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী মানিক ও তাঁর মা আটক
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ায় রুমা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মানিকের বিরুদ্ধে। এ ঘটনায় মানিক ও তাঁর মাকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, গত ৪ নভেম্বর ২০২৬, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে মানিক হাতুড়ি দিয়ে রুমাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের বাবা বাহাদুর মিয়া জানান, পরদিন ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রুমাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে চট্টগ্রামে নেওয়ার পথে শুক্রবার ৬ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
রুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাঁর স্বামী মানিককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানিক ও তাঁর মাকে হেফাজতে নেয়।
নিহত রুমা লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকার বাসিন্দা বাহাদুর মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যদের অভিযোগ, মানিক প্রায়ই মাদক সেবন করতেন এবং বিভিন্ন সময় টাকার জন্য রুমার ওপর চাপ সৃষ্টি করতেন। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠকও করেছেন।
নিহত রুমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ইসরাত রহমান লাবিবের বয়স ৬ বছর এবং মেয়ে মায়েশা জান্নাত নাবিলার বয়স ৩ বছর।
রুমার পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে, পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।