চান্দহর নদীতে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন এমপি মঈনুল ইসলাম খান শান্ত,
সাইফুর রহমান
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর বাজারের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া চান্দহর নদীতে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানায় নৌযান চলাচলসহ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে পড়েছিল। নদীর বিভিন্ন অংশে বিপুল পরিমাণ কচুরিপানা জমাট বেঁধে থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও নৌযান ব্যবহারকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের দীর্ঘদিনের এ সমস্যার কথা বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচন উপলক্ষে চান্দহর বাজারে আয়োজিত জনসভায় নদীটি কচুরিপানামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের পর আনুষ্ঠানিকভাবে আধুনিক প্রযুক্তির কচুরিপানা কাটার মেশিন দিয়ে চান্দহর নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি।
এ সময় স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর নতুন প্রযুক্তির কচুরিপানা কাটার মেশিনের মাধ্যমে নদীর বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা অপসারণের কার্যক্রম শুরু হয়। আধুনিক এ মেশিনের মাধ্যমে দ্রুত ও কার্যকরভাবে নদীর কচুরিপানা পরিষ্কার করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীতে কচুরিপানা জমে থাকায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছিল। নদীর ওপর নির্ভরশীল মানুষ, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়ে গিয়েছিল। নদীটি পরিষ্কার হলে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও গতি ফিরবে।
চান্দহর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা নদীটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ভবিষ্যতে যাতে আবার অতিরিক্ত কচুরিপানা জমে নৌযান চলাচল বন্ধ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।