জনগণের গণরায় মেনে নিন-মাওয়ায় লংমার্চ থেকে১১ দলীয় জোটের আহ্বান
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়াগামী ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া খানবাড়ি প্রান্তে পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়। তবে সকাল ৬টা থেকেই জামায়াতে ইসলামীসহ জোটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন।পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের নেতারা গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার,বিদ্যুৎ,তেল,গ্যাস ও সারের সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ।এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,সংকীর্ণ দলীয়করণ বন্ধ,দুর্নীতি,চাঁদাবাজি ও দখলদারির অবসানের দাবিও জানানো হয়।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।এ সময় বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন রাজি,জেলা সহকারী সেক্রেটারি মো: আব্দুল মালেক এবং জেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী।এ ছাড়া ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।সকাল ১০টার দিকে জামায়াতের আমিরসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাদের গাড়িবহর মাওয়া খানবাড়ি প্রান্তে পৌঁছায়।এ সময় গাড়িতে অবস্থান করেই সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির।তিনি বলেন,জনগণের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমাদের এই লংমার্চ।জনগণের দাবি মেনে নিন।গণভোটের গণরায় মেনে না নিলে এর চরম মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন,জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক রায়ের প্রতি সম্মান জানানো প্রয়োজন।সংক্ষিপ্ত বক্তব্য শেষে জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যজোটের নেতাদের গাড়িবহর মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু হয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।এ সময় লংমার্চকে ঘিরে মাওয়া খানবাড়ি এলাকায় জোটের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।