জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারি দোকানে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে। ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের বই ২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাট বাজারের একটি ভাঙারি দোকানে মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিক্রির বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রির জন্য নেওয়া বইগুলোর মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, গণিত, কৃষিশিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ, চারুপাঠ, ইংলিশ ফর টুডে ও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের পাঠ্যবই রয়েছে। বইগুলোর গায়ে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের উল্লেখ রয়েছে।
স্থানীয়রা ভাঙারি দোকানে সরকারি পাঠ্যবই দেখতে পেয়ে বিষয়টি জানতে চাইলে দোকানের কর্মচারী জানান, বিদ্যালয়ের একজন শিক্ষক বইগুলো বিক্রি করতে নিয়ে এসেছিলেন।
মোলামগাড়িহাট বাজারের শাজাহানের মালিকানাধীন ‘মুক্তা আয়রন স্টোর’-এর কর্মচারী ইমরান বলেন, বিদ্যালয়ের একজন শিক্ষক বইগুলো দোকানে নিয়ে আসেন। পরে ২০ টাকা কেজি দরে বিক্রি করে চলে যান।
স্থানীয় বাসিন্দা রনি জানান, দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে একজন কর্মচারীকে ভ্যানে করে বই নিয়ে ভাঙারি দোকানের দিকে যেতে দেখেন।
আরেক বাসিন্দা শাহজাহান বলেন, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করছে। অথচ বিদ্যালয়ে অতিরিক্ত বই সংগ্রহ করে সেগুলো বিক্রি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভাঙারি দোকানে বই বিক্রির বিষয়টি তিনি নিজেও দেখেছেন বলে দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো বোর্ড বই বিক্রি করিনি। বই বিক্রির তথ্য আমার জানা নেই। কোনো বই বিক্রি করা হয়নি।’
তবে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি দাবি করেন, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর রহমান বলেন, বিদ্যালয়ের মালামাল বিক্রির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রির বিধান রয়েছে। সরকারি বোর্ড বই বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সরকার নির্ধারিত শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের দায়িত্ব পালন করে। ফলে বিদ্যালয়ে সরকারি বইয়ের মজুত, বিতরণ ও অব্যবহৃত বইয়ের ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।