জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট।
জয়পুরহাটে ঐতিহাসিক গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখার অভিযোগে জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনায় জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে জয়পুরহাট জেলা ছাত্রদলের দপ্তরের প্যাডে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি স্থান পায়নি। এ ছাড়া অনুষ্ঠানে এক বক্তা তাঁকে ‘জাতির পিতা’ হিসেবে বারবার সম্বোধন করেন। ছাত্রদলের দাবি, এ সময় জেলা প্রশাসক কোনো প্রতিবাদ বা কার্যকর ভূমিকা নেননি, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের এমন ভূমিকার তীব্র সমালোচনা করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় বিজ্ঞপ্তিটি পাঠ করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।