জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী
মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি/ইনফরমইএ) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সংশ্লিষ্ট আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের আওতায় পরিবেশ আইন, জলবায়ু সুরক্ষা ও মানবাধিকার বিষয়ে তিনটি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমা এবং ১৩টি বিশেষায়িত কোর্সের সনদ অর্জন করেছেন আজমীরগঞ্জ দরবার শরীফের চতুর্থ খলিফা হযরত খাজা সাইম নূরে চিশতী।
সম্প্রতি জামালপুরের বকশীগঞ্জে আয়োজিত এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে তাঁর হাতে এসব সনদপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন তাঁর অর্জিত আন্তর্জাতিক সনদগুলোর প্রশংসা করে বলেন, আধ্যাত্মিক চর্চার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশ আইন, মানবাধিকার ও বৈশ্বিক নীতিমালা বিষয়ে তাঁর অধ্যয়ন ও গবেষণামূলক প্রচেষ্টা বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক।
হযরত খাজা সাইম নূরে চিশতীর অর্জিত তিনটি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমার মধ্যে রয়েছে—ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল অ্যান্ড গভর্ন্যান্স, ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন দ্য প্রোটেকশন অব দ্য অ্যাটমোস্ফিয়ার এবং ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন ফ্রেশওয়াটার রিসোর্সেস।
এ ছাড়া শিশু অধিকার, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি ১৩টি বিশেষায়িত আন্তর্জাতিক কোর্স সম্পন্ন করেছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সনদপত্র গ্রহণকালে হযরত খাজা সাইম নূরে চিশতী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আধ্যাত্মিক সাধনার পাশাপাশি জ্ঞানচর্চা, মানবকল্যাণ, সৃষ্টির সেবা এবং সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর এ অর্জন আধ্যাত্মিক চর্চার পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলি, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জ্ঞানার্জনের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।