জামালপুরের খোরশেদ আলম মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
মানবসেবা, সামাজিক উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননায় ভূষিত হয়েছেন জামালপুরের সমাজসেবক মো. খোরশেদ আলম। তিনি সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জামালপুর জেলা শাখার সভাপতি এবং দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের আহ্বায়ক।
শনিবার (১১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মাদকবিরোধী এক আলোচনা সভায় তাঁর হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চিত্রনায়ক হেলাল খান।
অনুষ্ঠানে বক্তারা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবসেবা, সামাজিক কল্যাণ এবং মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য মো. খোরশেদ আলমকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর মো. খোরশেদ আলম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতি আমাকে মানুষের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনে আমি ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধি, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, সাংবাদিক এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।