জামালপুরে পুলিশ কনস্টেবলসহ আটক-৩
মোঃ আজাদ হোসেন নিপু | জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর পৌরসভার খুপিবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আসাদুজ্জামান ও এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার খুপিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ কনস্টেবল সাব্বির হোসেনসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন—পুলিশ কনস্টেবল মো. সাব্বির হোসেন (পিতা: আব্দুল বারী), গ্রামের বাড়ি শেরপুর জেলার ভাগলঘর; মো. রমজান মিয়া (পিতা: মৃত আব্দুল লতিফ), গ্রামের বাড়ি শেরপুর জেলার চরপক্ষিমারী ডাকপাড়া এবং মো. সুলতান মাহমুদ (পিতা: মৃত মতিউর রহমান), গ্রামের বাড়ি জামালপুরের বেলটিয়া।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
একজন দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মাদকসংক্রান্ত ঘটনায় গ্রেফতারের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।