জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবিতে মুন্সীগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির আ.জ.ম.রহুল কুদ্দুস।সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী।
এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজী,জেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী,এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলিম এবং খেলাফত মজলিসের সদর উপজেলা আমির মুহাদ্দিস সিদ্দিকুল্লাহ।বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছিল,তার পূর্ণ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন,নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনগণের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।এছাড়া রাষ্ট্রীয় সংস্কার,সুশাসন প্রতিষ্ঠা,গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।