টেকনাফে জন্ম নেওয়াটাই কি আমাদের অপরাধ?
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ
টেকনাফে জন্মেছি বলেই কি আমাদের বারবার অপমানিত হতে হবে? দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কেন আমাদের রোহিঙ্গা বলে কটূক্তি শুনতে হবে? আমরা রোহিঙ্গা নই—আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশের মাটিতেই আমাদের জন্ম, এই দেশই আমাদের পরিচয়।
আমরা আর কতদিন ভয় নিয়ে বাঁচব? আর কতদিন অপহরণ, মাদক ও চোরাচালানের অভিশাপ বয়ে বেড়াব? প্রতিদিন একটি নতুন অপহরণের খবর, প্রতিদিন মানুষের আতঙ্ক—এভাবেই কি চলবে?
আমাদের প্রশ্ন রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে, দায়িত্বশীল সবার কাছে—আপনারা কি পারবেন না আমাদের টেকনাফকে অপহরণ, মাদক ও চোরাচালানমুক্ত করতে? আমরা আর কত অপমান, কত অবহেলা আর কত নিরাপত্তাহীনতা সহ্য করব?
টেকনাফের মানুষ অপরাধী নয়। কয়েকজন অপরাধীর কারণে পুরো টেকনাফের মানুষকে সন্দেহের চোখে দেখা অন্যায়। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা নিরাপদে বাঁচতে চাই, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলতে চাই।
আমাদের আর্তনাদ একটাই
টেকনাফকে বাঁচান।
টেকনাফের মানুষকে বাঁচান।
অপহরণমুক্ত টেকনাফ চাই।
মাদক ও চোরাচালানমুক্ত টেকনাফ চাই।
অপমান নয়, নিরাপত্তা চাই।
অবহেলা নয়, ন্যায্য অধিকার চাই।
টেকনাফ বাংলাদেশের শেষ প্রান্ত হতে পারে, কিন্তু টেকনাফের মানুষ বাংলাদেশের শেষ শ্রেণির নাগরিক নয়। আমাদেরও বাঁচার অধিকার আছে, নিরাপত্তার অধিকার আছে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে।