টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানকে বরণ ও দায়িত্ব হস্তান্তর
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি (টেকনাফ)
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল মান্নান। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুর ২টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
উক্ত বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট হাসান সিদ্দিকী বলেন, "জনগণের সেবাকে প্রধান লক্ষ্য। সাবরাং ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও জনবান্ধব পরিষদ হিসেবে গড়ে তুলতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সততা ও নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা রাখি।"
নবগঠিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান তাঁর বক্তব্যে পরিষদের সকল সদস্য এবং সুধীসমাজের সহযোগিতা কামনা করেন। তিনি ইউনিয়নবাসীর কল্যাণে সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান ও অভিনন্দন জ্ঞাপন করেন।