ডাসারে গৃহবধূর রহস্যময় মৃত্যু ঘিরে যৌতুকের অভিযোগ
উজ্জ্বল মন্ডল
কালকিনি-ডাসার, মাদারীপুর
মাদারীপুরের ডাসার উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে সুমি আক্তার মিম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর বিদেশযাত্রার ঋণ পরিশোধের জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করে দীর্ঘদিন ধরে মিমকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের আজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের আলিম হাওলাদারের মেয়ে এবং আজালিয়া গ্রামের ফরহাদ আকনের স্ত্রী।
পরিবারের দাবি, যৌতুক নিয়ে বিরোধের একপর্যায়ে মিম বিষাক্ত রাসায়নিক পান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলিম হাওলাদার বলেন, যৌতুকের দাবিতে নির্যাতনের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিয়াজ মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই মিমের মৃত্যু হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান মাহমুদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।