ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার কার্যক্রম
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস।
রোববার (২২ নভেম্বর) জেলা তথ্য অফিসের উদ্যোগে এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ ও প্রতিরোধের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
প্রচারণায় বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, প্রয়োজন সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ।