ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা ।
ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন ধর্মীয় উৎসব উপলক্ষে ধামরাইয়ের যাত্রাবাড়ী পূজা মণ্ডপ এবং মাধবমন্দির সংলগ্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল।
১৮ অক্টোবর (রবিবার) বেলা ১২:৩০ ঘটিকায় এসব পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিয়া এবং ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
পরিদর্শনকালে তাঁদের সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জনাব মোঃ আল মামুন ও ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ফাহিম শাহরিয়ারসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও ডিআইজি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াত এবং সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তারা মণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও স্থানীয় ভক্তদের সাথে কথা বলেন এবং পূজার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মণ্ডপ পরিদর্শনের সময় ধামরাইয়ের যাত্রাবাড়ী ও মাধবমন্দির পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, সংবাদকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।