আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে সড়কের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে,ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় মাওয়ামুখী লেনে একজন ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।পরে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্শক মো:সোহেল রানা জানান,উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
তিনি আরও জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পাশাপাশি মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।