উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, পূজা উদযাপন কমিটির বাবু মিন্টু চন্দ্র পাল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, আনসার কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট জন সাধারণ।
প্রধান অতিথি তার বক্তব্যে, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম তার বক্তব্যে জানান, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা জরুরি।
উক্ত সভায় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি বাবু মিন্টু চন্দ্র পাল তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনেরও উৎসব। পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পূজা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।