মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রতিনিধি, ঢাকা
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাবনহাটি গ্রামের খেওয়া ঘাটে একটি স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। নদী পারাপারে স্থানীয়দের ভরসা এখন বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাবনহাটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই খেওয়া ঘাট। প্রতিদিন শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত, কৃষকেরা উৎপাদিত ফসল পরিবহন এবং সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে ঘাটটি ব্যবহার করেন। কিন্তু সেখানে নিরাপদ ও স্থায়ী পারাপারের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের জন্য বাঁশের সাঁকো দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে পানির প্রবাহ ও পানি বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাটটি দিয়ে মানুষ চলাচল করলেও স্থায়ী সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। একটি সেতুর অভাবে শুধু যাতায়াত নয়, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁদের বড় কোনো প্রকল্পের প্রয়োজন নেই। খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণ করা হলেই দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটা কমে আসবে। শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ নিরাপদে নদী পারাপার করতে পারবেন। পাশাপাশি দুই পাড়ের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ হবে।
তাঁরা আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা—খেওয়া ঘাটে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ প্রয়োজনীয় পরিদর্শন এবং সেতু নির্মাণের ব্যবস্থা নেবে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে ভাবনহাটিসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তাঁরা।