মোঃ আনোয়ার হোসেন, (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় তাদের নিজ বাড়ি থেকে পত্নীতলা থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— পত্নীতলা উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের কড়া নির্দেশনায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে পত্নীতলা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে আকস্মিক অভিযান চালায় পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে তাদের বসতবাড়ি তল্লাশি করে সর্বমোট ৮১৭ পিস নেশাজাতীয় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বামী-স্ত্রী উভয়েই দীর্ঘদিন ধরে যোগসাজশে এলাকায় গোপনে এই মাদকের কারবার চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের এই মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ আটক সিরাজুল ও ডলি দম্পতির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।