নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলা উপজেলায় পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন আলম ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে এক যুবক রয়েল এনফিল্ড মোটরসাইকেলে করে দুই ব্যাগভর্তি ভারতীয় মদ নিয়ে আসছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেলটি নালিতাবাড়ী উপজেলার সীমানা অতিক্রম করে নকলা বাইপাস এলাকায় পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নকলা থানা পুলিশকে অবহিত করে।
পরে নকলা থানা পুলিশ গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলসহ শাহিন আলমকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।