নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত
মো. জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলা উপজেলার উত্তর বাজার নিউমার্কেট মোড়ে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রব্বি( ৪৫)(পিতা: ময়েজউদ্দিন) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।
শনিবার সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ উত্তর বাজার নিউমার্কেট মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেল চালক অটোরিকশাকে এড়াতে গিয়ে হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চাকায় পিষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে নকলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রফিকুল ইসলাম রব্বিকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় জড়িত মিনি পিকআপটি জব্দ করে নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক নুর মোহাম্মদ (২৬), পিতা: মৃত ওয়াহাব আলী, গ্রাম: বাহটিয়া কান্দা, থানা: ধর্মপাশা, জেলা: সুনামগঞ্জকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।