নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা এবং ফ্রিজে পচা খাবার সংরক্ষণের দায়ে তাঁদের এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নগরকান্দা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
অভিযানকালে বড়পাইকান্দি গ্রামের মো. পান্নু কাজির চালের দোকানে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বাজারের একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে ফ্রিজে পচা মাংস, পাউরুটি ও বাটার বান সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটির মালিক মো. ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে পণ্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।