নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন এমপি শহিদুল ইসলাম বাবুলের ছেলে রিহীন সাজিদ
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে ইংলিশ ভার্সনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের একমাত্র ছেলে রিহীন সাজিদ।
তার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিবর্তে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী রিহীন সাজিদ। তার ইচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা।
রিহীন সাজিদের বাবা সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার মা-ও একই বিশ্ববিদ্যালয়ে কর্মরত। এ ছাড়া তার চাচাতো বোনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও ভালোবাসা থেকেই বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
ছেলের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং স্বপ্নপূরণের জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।