নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর, সহযোগিতার আশ্বাস পৌর প্রশাসকের
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর
ই-সিগারেট (ভেপ) ও নিকোটিন পাউচ নিষিদ্ধকরণসহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ী পৌর প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ তামাকবিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক।
যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ চন্দ্র, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব, ধূমপান নিয়ন্ত্রণ, ই-সিগারেট ও নিকোটিন পাউচের ব্যবহার প্রতিরোধ এবং শিশু-কিশোর ও তরুণদের তামাকের আসক্তি থেকে সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত টাস্কফোর্স কমিটির সদস্যরা জনসচেতনতা বৃদ্ধিসহ আইন বাস্তবায়নের কার্যক্রম জোরদার করতে পৌর প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় পৌর প্রশাসক মো. আব্দুল মালেক আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন।