নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফরহাদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সকাল থেকেই মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মরিচপুরান চৌরাস্তা বাজারে জড়ো হন। পরে অটোরিকশার বহর নিয়ে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা অটোরিকশা থেকে নেমে পায়ে হেঁটে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চের দিকে অগ্রসর হন। পরে তারা সেখানে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালিতে অংশ নেন।
উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।