নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যবহ দিন। জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দিবসটির রয়েছে গভীর গুরুত্ব।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ দেশাত্মবোধক গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়। গানে গানে ফুটিয়ে তোলা হয় মহান স্বাধীনতা, অকৃত্রিম দেশপ্রেম এবং জাতীয় চেতনার নানা দিক। সুর ও বাণীর মাধ্যমে উপস্থিত সবার মাঝে এক দেশপ্রেমের জাগরণ সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসনের এ আয়োজনের মূল লক্ষ্য ছিল— নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা এবং তাদের মনে দেশপ্রেম ও জাতীয় সংহতির চেতনা দৃঢ় করা। পরিশেষে ভাবগাম্ভীর্যপূর্ণ ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।