নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বসতঘর ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের বিদিরপুর মৌজার শিবপুরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদিরপুর মৌজার শিবপুরী এলাকায় প্রায় ৪৯ শতক সরকারি খাসজমি রয়েছে, যা স্থানীয়দের কাছে ‘পাহাড়’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এই জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, কোনো ধরনের বৈধ বন্দোবস্ত ছাড়াই এই খাসজমির একটি অংশ ব্যক্তিগতভাবে বিক্রি ও অন্যের কাছে দখল হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জিয়াউর ইসলাম ও তাঁর স্ত্রী বিজলী বেগম সরকারি খাসজমির প্রায় ১৫ কাঠা অংশ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের কমেলা, মুনতাহা ও সহিদুল ইসলামের কাছে বিক্রি করেন। পরবর্তীতে তাঁদের কাছে জমির দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে বিরোধ তীব্র হয়।মঙ্গলবার সকালে জমির দখল ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একটি বসতঘর ভাঙচুর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা বা উভয় পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন ও দাবি: আইন অনুযায়ী সরকারি খাসজমি ব্যক্তি নামে বন্দোবস্ত ছাড়া কেনাবেচা বা হস্তান্তর করার কোনো সুযোগ নেই। এই খাসজমি কীভাবে বিক্রি হলো এবং এর নেপথ্যেই বা কারা জড়িত—তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সচেতন মহল মনে করছেন, সরকারি সম্পত্তি সুরক্ষা ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট ভূমি অফিসের মাধ্যমে বিদিরপুর মৌজার জমির মূল খতিয়ান, দাগ নম্বর ও বন্দোবস্তের আদেশ যাচাই করে প্রকৃত সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে খাসজমির প্রকৃত অবস্থা নির্ধারণ, অবৈধ দখল প্রতিহত করা এবং সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা হোক।