নেত্রকোনা প্রতিনিধি |
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ১টা ৩৪ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ব্যাংকের মূল ফটকের বাইরে থেকে ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি ব্যাংক কার্যালয়ের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়।
এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। তবে আগুন নেভানোর সময় এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে যায়। পরে রাতেই তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। শনিবার সকালে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।
গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে।